বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩, ৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশের নৃত্যশিল্পীদের বৃহত্তর ঐক্য, নৃত্যচর্চার বিকাশ এবং দেশের নৃত্যশিল্পের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির “অভিষেক ২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ, প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়; চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল; সাইদুর রহমান; কবি রেজাউদ্দিন স্টাইলিং, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী; চিত্রনায়ক হেলাল খান এবং জাকির হোসেন খোকন, সদস্য সচিব, জাসাস কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত নৃত্য ব্যক্তিত্ব আমানুল হক, অধ্যাপক ড. নিগার চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ এবং সভাপতি ফারহানা চৌধুরী বেবি।

বক্তারা বাংলাদেশের নৃত্যশিল্পের সমৃদ্ধ ঐতিহ্য ও সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, দেশের নৃত্যশিল্পীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সংহতি আরও জোরদার করার মাধ্যমে নৃত্যচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে হবে। একই সঙ্গে নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং নৃত্যশিল্পীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থাকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা ও বক্তব্য পর্ব শেষে অতিথিদের সঙ্গে নিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের আগামী দিনের কার্যক্রমের জন্য শুভকামনা জানানো হয়।

পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত নৃত্যশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ঘরানা ও বৈচিত্র্যময় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় নাট্যশালা মিলনায়তন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। শিল্পীদের সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় “অভিষেক ২০২৬” অনুষ্ঠান।

নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বাংলাদেশের নৃত্যশিল্পীদের ঐক্য, অধিকার, মর্যাদা ও নৃত্যচর্চার উন্নয়নে নতুন প্রত্যয়ে পথচলা শুরু করল।

আরও পড়ুন