ইতিহাসের দলিল ও প্রেরণার উৎস হবে বইটি

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০:৪৪, ২৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৪, ২৮ আগস্ট ২০২৫

ইতিহাসের দলিল ও প্রেরণার উৎস হবে বইটি

মোহাম্মদ মাসুদ রচিত "জিয়াউর রহমান : এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার" বইটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর একটি বিস্তৃত ও তথ্যসমৃদ্ধ আলোচনা। এটি শুধু একটি জীবনীগ্রন্থ নয়, বরং একজন নেতার বহুমাত্রিক অবদানকে তুলে ধরার এক অনন্য প্রয়াস।

গ্রন্থটিতে অন্তর্ভুক্ত ১২টি প্রবন্ধে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনার কৌশল এবং উন্নয়নধর্মী চিন্তাভাবনা সুস্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। মুক্তিযুদ্ধে তার অবদান, স্বাধীনতার ঘোষণা, জেড ফোর্স গঠনসহ ঐতিহাসিক ভূমিকার পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তার দূরদর্শী উদ্যোগ—বিশেষ করে ‘সবুজ বিপ্লব’ ও খাল খনন কর্মসূচি—বাংলাদেশের কৃষি ও অর্থনীতিকে নতুন গতি দিয়েছিল বলে লেখক উল্লেখ করেছেন। এ ছাড়া শিশুদের প্রতিভা বিকাশে 'নতুন কুঁড়ি' প্রবর্তন এবং ইসলামী শিক্ষা ও জীবনবোধের প্রসারে তার ভূমিকার কথাও বিস্তারিতভাবে উঠে এসেছে।

সব মিলিয়ে, বইটি জিয়াউর রহমানকে শুধু একজন সামরিক নেতা নয়, বরং রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক ও একজন মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন নেতা হিসেবে পাঠকের সামনে উপস্থাপন করেছে। লেখকের বিশ্বাস, বইটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার উৎস হবে।

চমৎকার মুদ্রণমান ও অর্থবহ ছবিসমৃদ্ধ এই গ্রন্থটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা সংস্থা ‘প্রতিভা প্রকাশ’। বইটির মূল্য ৩০০ টাকা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন