রাজশাহীতে এসআরবির অভিযানে বিদেশি মদ ও কফ সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫৭, ৪ নভেম্বর ২০২৬

রাজশাহীতে এসআরবির অভিযানে বিদেশি মদ ও কফ সিরাপ উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও কোডিনযুক্ত কফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত), ৩৯ বোতল উইন সেরেক্স কফ সিরাপ, ৯ বোতল ওল্ড মঙ্ক রাম, ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের মালিককে শনাক্ত করতে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হলেও কাউকে পাওয়া যায়নি। পরে সেগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী সময়ে বাঘা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্যগুলোর মালিক শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

আরও পড়ুন