নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:১২, ৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার গ্রামের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬)। তাঁদের একজনের বাড়ি নাইখংখালী এবং অপরজনের বাড়ি মৌলভীবাজার এলাকায়। দুজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ ও বিক্রির উদ্দেশ্যে একটি চক্রের সদস্যরা মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান দেশে প্রবেশ করছে। এসব মাদক যুবসমাজকে ধ্বংসের পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধের বিস্তার ঘটাচ্ছে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-১৫। মাদক, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ নির্মূলে এ বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসআরবি-১৫-এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, একটি একনলা বন্দুক, দুটি ওয়ান শুটারগান, ১৭ রাউন্ড গুলি ও ২৭টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপহরণ ও মানব পাচারের শিকার সাতজনকে উদ্ধার এবং মোট ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।