ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৫, ১১ নভেম্বর ২০২৬
বুধবার (১১ নভেম্বর)বেলা ১১টার দিকে রাজাপুর সদর ইউনিয়নের রাজাপুর সরকারি কলেজের পশ্চিম পাশে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠি। এ সময় ২৫০ গ্রাম গাঁজা ও এক পিস ইয়াবাসহ মো. বাপ্পি আকন (৩২) কে আটক করা হয়। তিনি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মফিজুল আকনের ছেলে।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। আদালত বাপ্পি আকনকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অপরদিকে রাজাপুর উপজেলার ৩ নম্বর রাজাপুর ইউনিয়নের বারবাকপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বারবাকপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল হাকিম (৩৮) কে তাঁর বসতঘরের সামনের কাঁচা রাস্তা থেকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত নজেব আলী হাওলাদারের ছেলে।
এ বিষয় রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, ইয়াবা উদ্ধারের পর আব্দুল হাকিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।