এম সনজু আহমেদ চুয়াডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশ: ২০:১৪, ১১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বকুল নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মৃত কুদরত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বকুলকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩টি প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) সানজিদ আহমেদ তদন্ত শেষে বকুলকে একমাত্র আসামি করে ২০১৭ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় মোট আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত বকুলকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।