বানারীপাড়ার পলাতক আসামি এসআরবির অভিযানে নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৯, ১২ নভেম্বর ২০২৬

বানারীপাড়ার পলাতক আসামি এসআরবির অভিযানে নারায়ণগঞ্জে গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া থানার যাবজ্জীবন ও ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবু আবতাব স্বপনকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-১১-এর যৌথ আভিযানিক দল।

বুধবার (১১ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার স্বপন বরিশালের বানারীপাড়া থানার তেতলা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।

এসআরবি সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-২৯(১২)১৯ এবং দায়রা নং-১৬১/২১ মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আবু আবতাব স্বপনকে যাবজ্জীবন ও ৭ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে বানারীপাড়া থানা পুলিশ এসআরবি-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠায়। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮-এর সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১১-এর সিপিএসসি কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জের সদস্যরা গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে ফতুল্লা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন