নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৭, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর একটি দল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) এবং আবু তাহের (৩৫)। তাঁরা পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালামের সন্তান।
একই সময়ে পালংখালী বিওপি ও ৬৪ বিজিবির সদস্যদের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ওয়ার্ডের সৈয়দ নুরের সন্তান।
এসআরবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী বাজার এলাকায় স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-১৫।
পরবর্তী সময়ে ঘটনাস্থলের ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে সীমান্তবর্তী ধানক্ষেত ও জলাশয় থেকে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
শীর্ষ সংবাদ: