আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: সমন্বয়ক রিয়াদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১২, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৩, ৩ নভেম্বর ২০২৬

আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: সমন্বয়ক রিয়াদ

রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে সখ্য গড়ে তোলেন কয়েকজন তরুণ। সেই পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে প্রথমে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহম্মেদের গুলশানের বাসায় অভিযান চালান তাঁরা। অভিযানে তাঁকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর আবার ওই বাসায় যান তাঁদের দুজন। এবার সাবেক এমপির স্বামী সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। দাবি করা হয় ৫০ লাখ টাকা। শেষ পর্যন্ত ১০ লাখ টাকা আদায় করে বাকি ৪০ লাখ টাকা প্রস্তুত রাখতে বলে চলে যান তাঁরা।

এর কয়েক দিন পর বাকি টাকা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন পাঁচজন। পরে গ্রেপ্তার হন আরও একজন। তদন্তে বেরিয়ে এসেছে, আদায় করা ১০ লাখ টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করেন আসামিরা। তাঁদের একজন নিজের ভাগের টাকা দিয়ে কেনেন ইয়ামাহা এফজেড-এক্স মোটরসাইকেল।

গুলশানের এই চাঁদাবাজির ঘটনায় করা মামলার তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে চাঁদাবাজির অভিযোগের পাশাপাশি উঠে এসেছে আসামিদের পুলিশের সঙ্গে যোগাযোগ, সাবেক এমপির বাসায় অভিযান, টাকা আদায় এবং পরে সেই টাকা ভাগাভাগির বিস্তারিত চিত্র।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ফিরোজ আহমেদ মুন্সী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ এবং জানে আলম অপুর বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩৮৫ ও ৩৮৬ ধারার অপরাধ প্রমাণিত হয়েছে। অন্যদিকে সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮ ও ৩৮৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

মামলাটি ২০২৫ সালের ২৭ জুলাই গুলশান থানায় করেন ৭৫ বছর বয়সী সিদ্দিক আবু জাফর। তিনি গুলশান-২-এর ৮৩ নম্বর সড়কের একটি বাসায় থাকেন। মামলার তদন্ত নথি অনুযায়ী, তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ। প্রথমে মামলাটি তদন্ত করেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান। পরে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই। সংস্থাটির এসআই ফিরোজ আহমেদ মুন্সী তদন্ত শেষে গত ১৫ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের একজন শিশু হওয়ায় তার বিচার হবে শিশু আদালতে। আগামী ১০ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে। ওই দিন অভিযোগপত্র গ্রহণের শুনানি হওয়ার কথা। মামলার ছয় আসামিই বর্তমানে জামিনে রয়েছেন। তবে সর্বশেষ ১ নভেম্বর পর্যন্ত গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় (জিআর) খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগপত্রটি তখনো আদালতে জমা হয়নি।

পুলিশের সঙ্গে সখ্য গড়ে চাঁদাবাজির অভিযোগ

পিবিআইয়ের তদন্তে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আসামিরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে তাঁরা নিয়মিত থানায় যাতায়াত করতেন। বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাঁদের অবস্থান-সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

পরে এই পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তিকে আওয়ামী লীগের দোসর, সহযোগী বা সমর্থক আখ্যা দিয়ে মামলা, গ্রেপ্তার ও হয়রানির ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এভাবে তাঁরা চাঁদা দাবি ও আদায় করতেন বলে তদন্তে উঠে এসেছে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, আসামিরা অসৎ উদ্দেশ্যে নিজেদের প্রভাব খাটিয়ে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করতেন। গুলশানের এই মামলাটিও সেই ধরনের একটি ঘটনার উদাহরণ।

প্রথমে পুলিশকে নিয়ে সাবেক এমপির বাসায় অভিযান

পিবিআইয়ের তদন্ত অনুযায়ী, ২০২৫ সালের ১৬ জুলাই রাতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহম্মেদ গুলশানের বাসায় অবস্থান করছেন—এমন খবর পান কয়েকজন। এরপর নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে তাঁরা গুলশান-২ গোলচত্বরে জড়ো হন।

রাত আনুমানিক দুইটার দিকে আবদুর রাজ্জাক ও জানে আলম অপু গুলশান থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানান। তাঁরা শাম্মী আহম্মেদকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানোর ব্যবস্থা করতে বলেন। থানা-পুলিশ বিষয়টি গুলশান বিভাগের উপপুলিশ কমিশনারকে জানায়। পরে পুলিশ ও কথিত সমন্বয়কদের একটি দল সাবেক এমপির বাসায় যায়।

তদন্তে পাওয়া তথ্য ও ভিডিও ফুটেজ পর্যালোচনার বরাত দিয়ে পিবিআই জানায়, ১৭ জুলাই ভোরে গুলশান থানার এসআই আরমান আলীর নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য এবং আবদুর রাজ্জাক, জানে আলম অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন, আমিনুল ইসলামসহ আরও ১০ থেকে ১২ জন ওই বাসায় যান। নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে তাঁরা বাসার বিভিন্ন কক্ষে শাম্মী আহম্মেদকে খোঁজেন।

তবে তাঁকে বাসায় পাওয়া যায়নি। সকাল সাড়ে ছয়টার দিকে তল্লাশির একটি তালিকা তৈরি করে পুলিশসহ সবাই বাসা থেকে বেরিয়ে যান।

কিন্তু পুলিশের দল চলে যাওয়ার কিছুক্ষণ পরই আবদুর রাজ্জাক ও জানে আলম অপু আবার ওই বাসায় যান। পিবিআইয়ের তদন্ত নথিতে বলা হয়েছে, এবার তাঁরা সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন এবং গ্রেপ্তারের ভয় দেখান। গ্রেপ্তার এড়াতে তাঁর কাছে ৫০ লাখ টাকা দাবি করেন।

ভয়ভীতির মুখে বাদী টাকা দিতে রাজি হন। তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা দেওয়ার পর আসামিরা বাকি ৪০ লাখ টাকা প্রস্তুত রাখতে বলে চলে যান। টাকা গ্রহণের ভিডিও ফুটেজও তদন্তকারীরা পেয়েছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে।

আবার বাসায় গিয়ে বাকি টাকা আদায়ের চেষ্টা

১০ লাখ টাকা নেওয়ার পরও থেমে থাকেননি আবদুর রাজ্জাক ও জানে আলম অপু। পিবিআইয়ের তদন্ত নথি অনুযায়ী, ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তাঁরা আবার ওই বাসায় যান। ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করলেও কেউ দরজা না খোলায় ফিরে যান।

পরে তদন্তের অংশ হিসেবে কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে ওই সময় তাঁদের ঘটনাস্থলে থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।

এরপর ২৬ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে বাকি ৪০ লাখ টাকা আদায়ের জন্য আবারও ওই বাসার সামনে যান আসামিরা। তখন সিদ্দিক আবু জাফর বাসায় ছিলেন না। বাসার নিরাপত্তাকর্মী মো. হান্নান ফোন করে তাঁকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে গুলশান থানায় যোগাযোগ করেন।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবদুর রাজ্জাক, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও কিশোর আমিনুল ইসলামকে আটক করে। তবে জানে আলম অপু সেখান থেকে পালিয়ে যান। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় তাঁকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছয়জনের মধ্যে আবদুর রাজ্জাক ও জানে আলম অপু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত নথিতে তাঁদের দুজনের জবানবন্দিতে টাকা নেওয়ার কথা স্বীকার করার বিষয়টি উল্লেখ রয়েছে।

‘টাকার লোভ সামলাতে পারিনি’

আদালতে দেওয়া জবানবন্দিতে চাঁদার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ। নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে পরিচয় দেন তিনি। বিভিন্ন সময়ে ‘ফ্যাসিবাদী লোকজন’ গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।

রিয়াদের জবানবন্দির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জুলাই রাতে শাম্মী আহম্মেদ গুলশানের বাসায় আছেন—এমন খবর পেয়ে তাঁরা থানায় যান। পরে পুলিশের একটি দল তাঁদের সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। তবে সেখানে শাম্মী আহম্মেদকে পাওয়া যায়নি।

রিয়াদ আদালতকে বলেন, বাসা থেকে ফেরার সময় জানে আলম অপু একটি ইয়ারপড নিয়ে এসেছিলেন। সেটিতে ‘শাম্মি ইয়ারপড’ লেখা ছিল। ইয়ারপডটি ফেরত দেওয়ার জন্য তাঁরা সকাল ১০টার দিকে আবার ওই বাসায় যান। এ সময় অপু পানি খাওয়ার অজুহাতে বাসার ভেতরে প্রবেশ করেন।

এরপর সিদ্দিক আবু জাফরকে বলা হয়, তাঁরা বুঝতে পারছেন তাঁর স্ত্রী বাসায় আছেন এবং তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। বাদী টাকা দিতে রাজি হলে প্রথমে ৫০ লাখ টাকা দাবি করা হয়। পরে বাদী ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলে তাঁরা তাতে রাজি হন। টাকা নেওয়ার পর তাঁরা রিয়াদের বাড্ডার বাসায় গিয়ে সমান ভাগ করে নেন।

বাকি ৪০ লাখ টাকা আদায়ের চেষ্টা সম্পর্কে রিয়াদ বলেন, ২৬ জুলাই বিকেল পাঁচটার দিকে তিনি ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে ওই বাসায় পাঠান। তাঁর দাবি, পুলিশ তাঁকে ফাঁদে ফেলার জন্য বাসায় যেতে বলে। তখন তিনি গুলশান-২ গোলচত্বরে অবস্থান করছিলেন। পুলিশের কথা বিশ্বাস করে ঘটনাস্থলে যাওয়ার পর বাদী থানায় খবর দেন। পুলিশ এসে তাঁদের হাতেনাতে আটক করে।

জবানবন্দির শেষ দিকে রিয়াদ বলেন, ‘আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।’

চাঁদার টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কেনেন অপু

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, জানে আলম অপুও আদালতে দেওয়া জবানবন্দিতে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে বাকি ৪০ লাখ টাকা চাওয়ার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন। যদিও পিবিআইয়ের তদন্তে ঘটনাস্থলে তাঁর উপস্থিতির তথ্য পাওয়া গেছে। তদন্ত নথি অনুযায়ী, সেদিন তিনি পালিয়ে যান।

অপুর জবানবন্দি অনুযায়ী, তিনি আগে একটি কমিটির সমন্বয়ক ছিলেন। ১৭ জুলাই রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের অবস্থানের খবর পেয়ে সেখানে যান। পরে পুলিশকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানে সাবেক এমপিকে পাওয়া যায়নি।

অপু বলেন, এরপর রিয়াদ তাঁকে আবার ওই বাসায় নিয়ে যান। সেখানে সিদ্দিক আবু জাফরের কাছে টাকা চাওয়া হলে তিনি প্রথমে পাঁচ লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু রিয়াদ এক কোটি টাকা দাবি করেন। দীর্ঘ আলোচনার পর ৫০ লাখ টাকায় বিষয়টি চূড়ান্ত হয়। তখন ১০ লাখ টাকা দেওয়া হয়।

অপুর ভাষ্য অনুযায়ী, টাকা নিয়ে তাঁরা রিয়াদের বাড্ডার বাসায় যান এবং পাঁচ লাখ টাকা করে ভাগ করে নেন। নিজের ভাগের টাকা থেকে ৩ লাখ ৭ হাজার টাকা দিয়ে তিনি একটি ইয়ামাহা এফজেড-এক্স মোটরসাইকেল কেনেন। এ ছাড়া কিছু টাকা দিয়ে ধারদেনা পরিশোধ করেন। আরও ৫০ হাজার টাকা বিকাশে পাঠাতে গিয়ে ভুল নম্বরে চলে যায় বলে দাবি করেন তিনি।

পরে তাঁর কাছ থেকে ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

অপু দাবি করেন, বাকি ৪০ লাখ টাকা আদায়ের জন্য রিয়াদ তাঁকে ফোন করলে তিনি যেতে অস্বীকৃতি জানান। এরপর রিয়াদের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। তাঁর বক্তব্য, পরবর্তী সময়ে রিয়াদ অন্যদের নিয়ে ওই বাসায় টাকা চাইতে গেলেও তিনি সেখানে ছিলেন না এবং সাবেক নারী সংসদ সদস্যকে কোনো ধরনের চাপ দেননি।

জব্দ করা হয় নগদ টাকা, আইফোন ও মোটরসাইকেল

তদন্তের অংশ হিসেবে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে নগদ টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।

পিবিআইয়ের তদন্ত নথিতে বলা হয়েছে, আবদুর রাজ্জাকের দেখানো তথ্য অনুযায়ী পূর্ব বাড্ডার বৈঠাকালী এলাকার একটি বাসা থেকে ২ লাখ ৯৮ হাজার টাকা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা মুঠোফোনের মধ্যে ছিল একটি রেডমি নোট ১০ প্রো ও দুটি আইফোন ১৩।

অন্যদিকে জানে আলম অপুর দেওয়া তথ্য অনুযায়ী, মোহাম্মদপুরের নবীনগর এলাকার একটি বাসার গ্যারেজ থেকে ইয়ামাহা এফজেড-এক্স মোটরসাইকেল, একটি আইফোন ১১ এবং নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়।

অভিযোগপত্র নিয়ে অবগত নন প্রধান আসামির আইনজীবী

মামলার প্রধান আসামি আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের আইনজীবী আকরাম হোসাইন বলেন, ‘আমরা এখনো চার্জশিট দেখিনি। রিয়াদের পক্ষে আদালতে পিটিশন করব।’

অভিযোগপত্রের বিষয়ে জামিনে থাকা প্রধান আসামি আবদুর রাজ্জাক রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ফোন নম্বরে যোগাযোগ করা হলে জানা যায়, নম্বরটি বর্তমানে তাঁর আপন বড় ভাই রেজাউল করিম ব্যবহার করছেন।

এ বিষয়ে মো. রেজাউল করিম জানান, এই মামলার বিষয়ে রিয়াদ এখনই কথা বলতে চান না।

পিবিআইয়ের তদন্তে উঠে আসা তথ্য, আদালতে দেওয়া দুই আসামির জবানবন্দি এবং জব্দ করা আলামত মিলিয়ে গুলশানের এই ঘটনা রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে চাঁদাবাজির একটি গুরুতর চিত্র সামনে এনেছে। তবে অভিযোগপত্রের ভিত্তিতে মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালতের সিদ্ধান্তেই আসামিদের অপরাধের চূড়ান্ত বিচার হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন