সাদ্দাম হোসেন
প্রকাশ: ১৯:০০, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:০৩, ১৭ নভেম্বর ২০২৬
এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচিত এসকে সোহেলের নাম আলোচনায় এসেছে। স্থানীয়দের অভিযোগ, তাঁদের নেতৃত্ব ও প্রভাবেই নিলাম প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়েছে এবং সাধারণ ক্রেতা ও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার সর্বস্তরের মানুষের দান-অনুদানে গড়ে ওঠা ঐতিহ্যবাহী গুজিখা মসজিদের জন্য সংগৃহীত স্বর্ণ নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। তবে নিলামের দরপত্র ও অংশগ্রহণ প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, উন্মুক্তভাবে নিলামে অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় প্রকৃত স্বর্ণ ব্যবসায়ী ও আগ্রহী ক্রেতারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
অভিযোগকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিলামে দুই দফায় বিক্রি হওয়া স্বর্ণের পরিমাণ ও বিক্রয়মূল্যের সঙ্গে বাজারদরের বড় ধরনের ব্যবধান রয়েছে।
প্রথম দফায় ৪৮ ভরি ৮ আনা বা ৪৮.৫ ভরি স্বর্ণ বিক্রি করা হয়েছে ১৭ লাখ ৪০ হাজার টাকায়। অভিযোগকারীদের উল্লেখ করা বাজুসের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা দর অনুযায়ী এর আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ৫৯ হাজার ৫০৪ টাকা। সে হিসাবে বাজারমূল্যের তুলনায় বিক্রয়মূল্যের ব্যবধান প্রায় ৯৩ লাখ ১৯ হাজার ৫০৪ টাকা।
অন্যদিকে, দ্বিতীয় দফায় ৩.৮৫ ভরি স্বর্ণ বিক্রি করা হয়েছে মাত্র ১ লাখ ৬৫ হাজার টাকায়। একই বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৯১৯ টাকা। ফলে এ ক্ষেত্রেও বাজারমূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের ব্যবধান প্রায় ৭ লাখ ১২ হাজার ৯১৯ টাকা।
দুই দফার হিসাব একত্র করলে মোট আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ১ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৪২৩ টাকা। অথচ স্বর্ণ বিক্রি করে পাওয়া গেছে মাত্র ১৯ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে সম্ভাব্য মূল্যব্যবধান দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩২ হাজার ৪২৩ টাকা।
নিলাম প্রক্রিয়া নিয়েও গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিলাম অনুষ্ঠিত হলেও সাধারণ ক্রেতা ও প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ সীমিত রাখা হয়। এমনকি মসজিদ প্রাঙ্গণে প্রকাশ্যে নিলাম আয়োজনের দাবি জানানো হলেও নিরাপত্তার অজুহাতে তা নাকচ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, মসজিদের দান করা স্বর্ণ বিক্রির ক্ষেত্রে কেন উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলাম নিশ্চিত করা হলো না? প্রকৃত স্বর্ণ ব্যবসায়ীরা অংশগ্রহণের সুযোগ পেলে স্বর্ণের সর্বোচ্চ মূল্য পাওয়া সম্ভব ছিল কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।
নিলাম প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে পূর্বনির্ধারিত দামে স্বর্ণ বিক্রির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচিত এসকে সোহেলের নাম নিলামকে কেন্দ্র করে আলোচনায় এসেছে।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বক্তব্য জানতে অগ্রযাত্রা প্রতিদিনের পক্ষ থেকে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ ঘটনায় নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন বাসিন্দা অগ্রযাত্রা প্রতিদিনকে জানান, নিলামের সম্পূর্ণ ভিডিও, অংশগ্রহণকারীদের হাজিরা শিট, দরপত্র, নিলামের কার্যবিবরণী, মূল্যায়ন প্রতিবেদন এবং বিক্রয়সংক্রান্ত আর্থিক নথি জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
একই সঙ্গে নিলামে বিক্রি হওয়া স্বর্ণের প্রকৃত ওজন ও বিশুদ্ধতা পুনরায় যাচাই, নিলামের তারিখের বাজারদর নির্ধারণ এবং পুরো প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গুজিখা মসজিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি গৌরীপুরের সাধারণ মানুষের দান ও ধর্মীয় আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি প্রতিষ্ঠান। ফলে মসজিদের দান করা স্বর্ণ বিক্রির ক্ষেত্রে প্রতিটি টাকার হিসাব স্বচ্ছ রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শীর্ষ সংবাদ: