শেরপুরে আবাসিক ভবনে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর

প্রকাশ: ১৩:০৭, ২৮ মার্চ ২০২৬

শেরপুরে আবাসিক ভবনে ১৮ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের একটি আবাসিক ভবনে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রেখে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের গোয়ালপট্টি এলাকার মেসার্স শিমলা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানের মালিক তাপস নন্দীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মজুত রাখা ডিজেল ও কেরোসিন ২৭ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবাসিক ভবনে স্থায়ীভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের মালিকানাধীন মেসার্স শিমলা ট্রেডার্স দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মূল্যে প্রান্তিক কৃষক ও দোকানদারদের কাছে ডিজেল ও কেরোসিন বিক্রি করে আসছিল।

যদিও তাদের খুচরা তেল বিক্রির লাইসেন্স রয়েছে, তবুও আবাসিক ভবনের নিচে প্রায় ২৭ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক নির্মাণ করে সেখানে প্রায় ১৮ হাজার লিটার ডিজেল মজুত রাখা হয়। এছাড়া পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কয়েকটি সরকারি দপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্রও পাওয়া যায়নি।

অভিযানের সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার সেলিম রেজা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান বলেন, খুচরা দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে অভিযান চালিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে ব্যবসায়ী তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলালের বক্তব্য জানতে চাইলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন