নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর

প্রকাশ: ০০:২৮, ২২ এপ্রিল ২০২৬

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ দেশে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। শিপন হাওলাদার বরগুনা সদর উপজেলার সবেজ হাওলাদারের ছেলে।

পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন হাওলাদার অবৈধভাবে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে কারাদণ্ড দেন এবং তুরা কারাগারে পাঠানো হয়।

আগামী ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তীতে দুই দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন