সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালীউল্লাহ গ্রেপ্তার

অনিক ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:৩৭, ৩ নভেম্বর ২০২৬

সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস ওয়ালীউল্লাহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ ওয়ালীউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে আড়াইহাজার থানা-পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম এবং আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়ালীউল্লাহকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম জানান, গ্রেপ্তার ওয়ালীউল্লাহর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তার ওয়ালীউল্লাহর গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামে। তাঁর বাবার নাম মো. আব্দুল্লাহ।

আরও পড়ুন