ঘাটাইলে এসআরবির অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫, ৪ নভেম্বর ২০২৬

ঘাটাইলে এসআরবির অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাভেল লাগেজ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে ঘাটাইল থানাধীন কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে ‘আকন্দ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের সাকিবুল হাসান রনি (২৫) ও মো. রায়হান উদ্দিন (৩০), নারায়ণগঞ্জের সোনিয়া (৩৮) এবং পিরোজপুরের মোছা. বন্যা আক্তার (২৮)।

এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলপিজি ফিলিং স্টেশনের সামনে সড়কে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ময়মনসিংহ থেকে পঞ্চগড়গামী ‘আকন্দ এক্সপ্রেস’ বাসটি থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হয়। পরে তাঁদের দেখানো মতে, বাসের লকারে থাকা তিনটি ট্রাভেল লাগেজ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে যাত্রীবেশে সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন অঞ্চলে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাঁদের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন