যৌথ অভিযানে শিশু নির্যাতন ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:২২, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:২৭, ৩১ অক্টোবর ২০২৬

যৌথ অভিযানে শিশু নির্যাতন ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় পলাতক দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী ও পঞ্চগড়ের বোদা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুটি অভিযান পরিচালনা করা হয়। এতে এসআরবি-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্প এবং এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

প্রথম অভিযান

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. নিরবকে (১৮) গ্রেপ্তার করা হয়। তিনি জামালপুরের ইসলামপুর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ আগস্ট পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন করেন বলে নিরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর শারীরিক অবস্থার পরিবর্তন ও রক্তক্ষরণের পর বিষয়টি জানাজানি হয়।

দ্বিতীয় অভিযান

অন্যদিকে, ৩১ অক্টোবর রাত দেড়টার দিকে পঞ্চগড়ের বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি মো. শাহাজালকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামপুর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি। এ অভিযানে এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

মামলার বিবরণে জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলার দক্ষিণ ভেঙ্গুড়া এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ অক্টোবর একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় বাধা দিতে গেলে আতাউর রহমান ওরফে আগাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। হামলায় আরও কয়েকজন আহত হন এবং বাড়িঘর ভাঙচুর করে আর্থিক ক্ষতি করা হয়।

এসআরবি জানায়, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন